প্রতিবেদন: একদা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেই মন্ত্রীই এখন চাকরি বিক্রির অভিযোগে জেলবন্দি। যে কোনও অনুষ্ঠানে তখন মন্ত্রীর পাশেই দেখা যেত তাকে। এলাকার দাপুটে তৃণমূল নেতা। তাই তাকে ঘাঁটাতে সাহস পেত না পুলিশও। স্থানীয়রা দু’একবার থানায় অভিযোগ জানিয়েও ফল পাননি। কিন্তু পালাবদল হতেই এবার তৎপর হল পুলিশ। শুক্রবার পুলিশের হাতে ধরা পড়ল প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল নেতা সায়ন দে। অভিযোগ, গেস্ট হাউসের আড়ালে দেহ ব্যবসা খুলে বসেছিল সায়ন। সায়নের এক সঙ্গীকেও পাকড়াও করেছে পুলিশ। সল্টলেকের সুকান্তনগরে একটি গেস্ট হাউস রয়েছে সায়নের। সেখানে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসা চলে বলে অভিযোগে স্থানীয়দের। যদিও ধৃত সায়ন তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। সুকান্তনগরে ওই গেস্ট হাউসে দীর্ঘদিন মধুচক্র চলে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তৃণমূল আমলে অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হত না বলেই অভিযোগ স্থানীয়দের। সরকার পরিবর্তন হতেই অভিযোগ পেয়ে শুক্রবার বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ আচমকা তল্লাশি চালায় ওই গেস্ট হাউসে। সেখানে থেকে কয়েকজন মহিলা এবং কয়েকজন নাবালিকাকে উদ্ধার করা হয়। তাঁদের বয়ান নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে গেস্ট হাউসের মালিক সুজিত বসু ঘনিষ্ঠ সায়ন দে’কেও গ্রেফতার করল পুলিশ।

Be the first to comment