প্রতিবেদন: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে উপদেষ্টা কমিটি গঠন করল রাজ্য সরকার। এক বছরব্যাপী এই উদযাপনের মাধ্যমে মহানায়কের জীবন, কাজ এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই হবে কমিটির মূল লক্ষ্য। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সভাপতির দায়িত্বে থাকছেন চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়। কার্যকরি সভাপতি করা হয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেলেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ডঃ সৌমিত্র মোহন। সারা বছর ধরে উদযাপনের পরিকল্পনা, বিভিন্ন কর্মসূচির সমন্বয় এবং বাস্তবায়নের ক্ষেত্রে তাঁর নেতৃত্বে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তথ্য ও সংস্কৃতি দফতর। কমিটিতে সাধারণ সদস্য হিসেবে জায়গা পেয়েছেন অভিনেতা জিৎ, দেব, আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চিত্রগ্রাহক সৌমিক হালদার, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত কুণ্ডু এবং প্রেমেন্দু বিকাশ চাকী প্রমুখ। পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছর ধরে তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে মহানায়ককে নিয়ে চলচ্চিত্র উৎসব, তাঁর অভিনীত ছবির বিশেষ প্রদর্শনী, আলোচনা সভা, স্মারক প্রকাশ, প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে বিশেষ উদ্যোগও নেবে এই কমিটি।

Be the first to comment