রোজদিন ডেস্ক : মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা তথা বিধায়ক হুমায়ুন কবীর। আর সভাপতি হয়েই আশার কথা শোনালেন হুমায়ুন। এর আগে শুক্রবার মহামেডান সভাপতির পদ থেকে ইস্তফা দেন আমিরুদ্দিন ববি। শনিবার ক্লাবে তাই আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির পদ গ্রহণ করেন হুমায়ুন। এদিন ক্লাব তাঁবুতে বসে নওদার বিধায়ক বলেন, শক্তিশালী দল গড়া হবে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মতোই সব টুর্নামেন্টে লড়বে মহামেডান। দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে জর্জরিত মহামেডান। বর্তমানে প্রায় ১৩ কোটি টাকার দেনা রয়েছে। নয়া সভাপতি যদিও জানিয়েছেন, তিনি যতটা দ্রুত সম্ভব এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন। প্রাথমিক লক্ষ্য হল, ফুটবলারদের বকেয়ার পঞ্চাশ ভাগ মেটানো। পাশাপাশি নতুন স্পনসর খোঁজা। এর জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন বলেও জানান।

Be the first to comment