প্রতিবেদন: রাজ্য সরকারের বিভিন্ন দফতর, পুরসভা এবং সরকারি সংস্থায় বেসরকারি এজেন্সির চুক্তির মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে এবার কড়া অবস্থান নিল নবান্ন। অর্থ দপ্তরের অনুমতি ছাড়া বা সময় মতো নতুন টেন্ডার না ডেকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রবণতা বন্ধ করতে বিস্তারিত নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। নির্দেশিকায় বলা হয়েছে, এই ধরনের কাজ সরকারি আর্থিক শৃঙ্খলাভঙ্গ করে এবং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। নতুন নির্দেশ অনুযায়ী, কোনও সংস্থার সঙ্গে পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে থেকেই নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রতিটি দপ্তরের প্রধানকে প্রতি মাসে সংশ্লিষ্ট চুক্তিগুলি পর্যালোচনা করে তার তালিকা অর্থ দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য, কোনও পরিষেবায় যাতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে প্রশাসনিক কাজ ব্যাহত না হয় এবং একই সঙ্গে স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে নতুন সংস্থা নির্বাচিত করা যায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিদ্যমান কোনও চুক্তির মেয়াদ বৃদ্ধি বা নবীকরণের প্রস্তাব কোনও অবস্থাতেই গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নবান্ন। সময়মতো টেন্ডার না ডাকার অজুহাতও গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে পুরনো সংস্থাকেই বাড়তি সময় দিয়ে কাজ চালিয়ে যাওয়ার যে প্রচলিত রীতি ছিল, তাতে কার্যত এবার ইতি টেনে দেওয়া হল। নির্দেশে আরও বলা হয়েছে, অনুমতি ছাড়া চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন টেন্ডার আহ্বানে অযথা বিলম্বকে গুরুতর আর্থিক অনিয়ম হিসেবে বিবেচনা করা হবে। এই ক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment