কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে বিজেপির সমর্থকদের হামলা চালানোর ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় ২৪ ঘণ্টা। এখনও গ্রেফতার করা যায়নি মূল অভিযুক্তকে। এ বিষয়ে পুলিশ ও রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
অধীর চৌধুরী বলেন, ‘থানার দূরত্ব ১০০ মিটার, তাও পুলিশ আসতে পারল না। এই আক্রমণ ঠেকাতে পারল না।’ ‘একই এলাকায় তৃণমূলের ঠেকে হামলা হলে পুলিশ কি রক্ষা করতে আসত না?’ সভামঞ্চ থেকে এই প্রশ্নও তুলেছেন তিনি।
পুলিশকে উদ্দেশ্য করেই তাঁর প্রশ্ন, ‘কোন সমঝোতার কারণে এখনও মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হল না?’ উল্লেখ্য, শুক্রবার কলকাতার প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে ঢুকে পড়ে কার্যত তাণ্ডব চালায় বিজেপির একদল নেতা-সমর্থক। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি -সহ একাধিক ব্যানার, পোস্টার ধ্বংস করে দেওয়া হয় বলে অভিযোগ।
প্রসঙ্গত, উত্তেজনার সূত্রপাত বৃহস্পতিবার প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে। অভিযোগ, ‘ভোটার অধিকারের যাত্রা ’চলাকালীন দরভাঙ্গায় কংগ্রেসের পতাকা গায়ে জড়ানো এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন। ওই ভিডিও ভাইরাল হতেই বিজেপি থানায় এফআইআর দায়ের করে এবং কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

Be the first to comment