১৮০৪ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের তালিকা আপলোড করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীই এই তালিকা প্রকাশ করল কমিশন। নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ SSC-র।
সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারই নির্দেশ দিয়েছিল, সাত দিনের মধ্যে ‘দাগি’দের তালিকা প্রকাশ করতে হবে। এর পরেই এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবার অযোগ্যদের নামের তালিকা দেওয়া হবে কমিশনের ওয়েবসাইটে। ২০১৬ এসএসসির নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে প্রায় ১৯০০ জনের নাম থাকবে সেখানে। যদিও তালিকা প্রকাশের পরে দেখা গেল ১৮০৪ জনের নাম রয়েছে সেখানে।
উল্লেখ্য, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে।

Be the first to comment