রোজদিন ডেস্ক : একদা জঙ্গলমহলের ত্রাস ছিলেন তিনি। কিন্তু তাঁর স্ত্রী পোথু কল্পনা (Pothula Padmavathi) ইলিয়াস সুজাথাক্কা এই রাজ্যে তেমন পরিচিত নাম নয়। ২০১১ সালে জঙ্গলমহলে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রান হারান মাওবাদীদের শীর্ষ নেতা কিষাণজি। দীর্ঘ ১৪ বছর পর তেলেঙ্গানায় পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন তাঁর স্ত্রী। দলের অন্যতম শীর্ষ এই নেত্রীর মাথার দাম কোটি টাকা।
১৯৮২ সাল থেকেই পুলিশের নজরে ছিলেন তিনি। এই রাজ্যে স্বামীর মৃত্যুর পর পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজেছে। ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানায় তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা আছে। আজ কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় পুলিশের ডিজি-র উপস্থিতি তে তিনি আত্মসমর্পণ করেন।
এই রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে পরিবর্তনের সরকার আসার পর মাওবাদীদের কার্যকলাপ ক্রমেই স্তিমিত হলেও প্রতিবেশী ওড়িশা-সহ বেশ কিছু রাজ্যে এখনও তৎপর তারা। কেন্দ্রীয় সরকার মাওবাদীদের নিকেশ করার জন্য সব রকম পদক্ষেপ নিয়েছে। এই পরিস্থিতিতে কিষাণজির স্ত্রী তথা মাওবাদী নেত্রী পোথু কল্পনার আত্মসমর্পণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।
তেলেঙ্গানাতেও মাওবাদী হনন অব্যাহত। গত বছর ২২ জন ও চলতি বছরে এখন অবধি ১০ জন মাওবাদী সংঘর্ষর বলি হয়েছেন। রাজ্য সরকার তাঁদের হিংসার পথ ছেড়ে মূল স্রোতে ফেরাবার সব রকম প্রচেষ্টাও নিয়েছে।

Be the first to comment