উপনির্বাচনের ফল, শেষের শুরু বিজেপির : তোপ প্রিয়াঙ্কা গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
দেশের তিন রাজ্যের উপনির্বাচনের ফল আসলে বিজেপির শেষের শুরু বলে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। আজ সংসদ ভবনের চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, মানুষ বিজেপিকে নিয়ে ক্লান্ত হয়ে গেছে। এটা স্পষ্ট যে দেশের মানুষ আর বিজেপিকে নিয়ে পারছে না।তাঁরা বুঝতে পারছেন, দেশে কি হচ্ছে!! এটাই ওদের শেষের শুরু।
গতকাল দেশের তিন রাজ্যের তিনটি উপনির্বাচনে দুটিতেই জয়ী হয়েছেন বিরোধী প্রার্থী। গুজরাটের মঞ্জলপুরে বিজেপি জিতলেও ভোট প্রাপ্তির হার এক ধাক্কায় অনেকটাই কমেছে। তুলনায় ভোট বেড়েছে কংগ্রেসের।
বিহারের বাঁকিপুরে ভোট কুশলী প্রশান্ত কিশোরের জয় তো বিজেপির বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। দীর্ঘ ৩১ বছর ওখানে বিজেপি জয়ী হয়ে এসেছে। দলের বর্তমান জাতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া এই আসনে প্রশান্ত কিশোরের জয় তাই বড় ধাক্কা বলে মানছে গেরুয়া শিবিরও। কেন এই হার, তার সমীক্ষাও করবে তারা।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশের দাতিয়ায় কংগ্রেস প্রার্থীর জয় ও নিঃসন্দেহে বিরোধীদের অক্সিজেন যুগিয়েছে।
আগামী বছর উত্তর প্রদেশ, পঞ্জাবে বিধান সভা নির্বাচন, তারপরের বছরে গুজরাটের নির্বাচন নিয়ে বিরোধী শিবির এখন নতুন আশার আলো দেখছে।
মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বাঁকিপুরে প্রশান্ত কিশোরের জয় কে বিরোধী রাজনীতির বড় বার্তা বলে মনে করছেন। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার মানুষের বিরোধী সরকার। তাদের বিরুদ্ধে মানুষ জেগে উঠছে ও রায় দিতে শুরু করেছে। উপ নির্বাচনের ফলেই তা স্পষ্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*