রোজদিন ডেস্ক :
রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন সাবেক তৃণমূল তথা বর্তমানের এনসিপিআই সাংসদরা। আজ দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের বৈঠকের এটিই মূল নির্যাস ছিল বলে জানা গেছে। ঘন্টাখানেকের এই বৈঠকে এনসিপিআই এর সাংসদরা ছাড়া ও রাজ্যসভার বিজেপি সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক প্রমুখও উপস্থিত ছিলেন। যদিও এই বৈঠক নিয়ে তাঁরা একটি কথাও বলতে চাননি।
সূত্রের খবর, মূলত রাজ্যের এলাকা উন্নয়ন নিয়েই বৈঠকে কথা হয়। লোকসভা অধিবেশন শেষ হলে কলকাতায় মুখ্যমন্ত্রী ফের তাঁদের সঙ্গে বৈঠক করবেন। এলাকা ভিত্তিক উন্নয়নের রূপরেখা নিয়ে সেখানে বিশদ আলোচনা হবে।
আজ এই বৈঠকে সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, পার্থ ভৌমিক, শতাব্দী রায় সহ সকলেই উপস্থিত ছিলেন।
সকালে এনডিএ বৈঠকে যোগ না দিলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের উন্নয়ন নিয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের তিন সাংসদ খলিলুর রহমান, ইরফান পাঠান ও আবু তাহের খানও। আগেই আবু তাহের খান জানান, বিজেপি বা এনডিএ-র বৈঠকে না গেলেও মুখ্যমন্ত্রীর ডাকা রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বৈঠকে তাঁরা বারবারই যাবেন।
বৈঠক নিয়ে রীতিমত খুশি শতাব্দী রায়, রচনা ব্যানার্জিরা। তাঁরা জানান, বৈঠক খুব ভাল হয়েছে। শতাব্দী রায় বলেন, এলাকার উন্নয়ন নিয়েই আজ মূলত আলোচনা হয়। রাস্তা, আইসিডিএস কেন্দ্র, সেতু, হাসপাতাল ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা হয়েছে।
তাঁরা তাঁদের পক্ষে প্রস্তাব তৈরি করে পেশ করবেন।
সাংসদ রচনা ব্যানার্জি এই বৈঠক নিয়ে ভীষণ খুশি বলে জানান। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন। উনি যেভাবে সব বলেছেন, গাইড করেছেন, এতে তাঁরা ভীষণ খুশি। তাঁদের সংসদীয় এলাকার মানুষ জন যাতে কোন অসুবিধায় না পড়েন, তাঁরা যাতে সকলের পাশে থাকতে পারেন, কেউ যেন ঘর ছাড়া না হন, এই সব কিছু নিয়েই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, সাংসদ উন্নয়ন তহবিলের অর্থ খরচের বিষয়ে তাঁদের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে কাজ হবে বলে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন বলে ইঙ্গিত মেলে।
অন্যদিকে মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কলকাতায় এই বৈঠক বিঁধে বলেন, জনা ছয় এর বেশি সাংসদ ওঁদের সঙ্গে নেই। এনডিএ বৈঠকেও অনেকে নানা ধুয়ো তুলে যাননি বলে তিনি মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লিতে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের সঙ্গেও দেখা করেন। বিভিন্ন বিষয়ে তাঁদের কথা হয়।

Be the first to comment