নিয়ন্ত্রণে মুদ্রাস্ফীতি, ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমালো আরবিআই, কমবে ইএমআই

Spread the love

রোজদিন ডেস্ক : বছরের শেষে এসে দেশের মধ্যবিত্তকে স্বস্তির খবর শোনালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। ৫ ডিসেম্বর, শুক্রবার সকালে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২৫ বেসিস পয়েন্ট কমে বর্তমানে রেপো রেট দাঁড়াল ৫.২৫ শতাংশে। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির তিনদিনের বৈঠকের পর এই নয়া রেটের ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্র। এর ফলে বিরাট স্বস্তি পেল দেশের মধ্যবিত্ত। কারণ, এবার কিছুটা কমতে চলেছে ইএমআইয়ের বোঝা। এর ফলে কমবে হোম লোন, কার লোন- সহ একাধিক ঋণের মাসিক কিস্তি। কেউ মাসিক কিস্তি কমাতে না চাইলে কমবে লোনের পিরিয়ড বা সময়সীমা। তবে, আরবিআইয়ের এই পদক্ষেপে কিছুটা হলেও সমস্যায় পড়বেন লগ্নিকারীরা। এর ফলে বিভিন্ন ব্যাঙ্কে টাকা জমা টাকার ওপর সুদ কমবে।প্রতি তিন মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআই মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রর নেতৃত্বে শুক্রবার সকালে কমিটির বৈঠক হয়। সেখানেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত হয়। কারণ, আন্তর্জাতিক বাজারে টাকার দাম কমলেও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মুদ্রাস্ফীতির হার। সেটা মাথায় রেখেই রেপো রেট কমালো আরবিআই। গত জুন মাসে বৈঠকে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে রেপো রেট দাঁড়ায় ৫.৫ শতাংশে। তার আগে অবশ্য ফেরুয়ারি ও এপ্রিল মাসে রেপো রেট দফায় দফায় কমেছে। এখন বাণিজ্যিক ব্যাঙ্কগুলি এর সুফল কতটা আম জনতাকে দেয় সেটাই দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*