মর্মান্তিক দুর্ঘটনা: লালন মেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

Spread the love

রমিত সরকার, নদীয়া :

নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজন ঘাট এলাকায় গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। লালন মেলা দেখে বাড়ি ফেরার সময় তাঁদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক ১টা নাগাদ। মৃত দুই যুবক বন্ধু সম্পর্কে ছিলেন এবং তাঁরা একই মোটরসাইকেলে চেপে ভীমপুর থেকে লালন মেলা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ভাজন ঘাট এলাকায় পৌঁছনোর পর অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলেই বাইকটি প্রথমে একটি পিলারে এবং পরে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনার অভিঘাতে একজন যুবক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর জখম অবস্থায় অপর যুবককে স্থানীয়রা উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজনের বাড়ি কৃষ্ণগঞ্জের ভাজন ঘাট এলাকায় এবং অপরজনের বাড়ি হাঁসখালীর ময়ূরহাট এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ দুটি উদ্ধার করে থানার মর্গে নিয়ে যায়।

পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এক মুহূর্তের অসাবধানতায় দুটি তরুণ প্রাণ ঝরে যাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক ও শূন্যতা সৃষ্টি হয়েছে।

#ছবি : দেবাশীষ সিংহ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*