রোজদিন ডেস্ক : রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান আপাতত এতে বিরতি দিতে রাজি হয়েছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উভয় দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে প্রকাশ।
দোহায় অনুষ্ঠিত এক শান্তি বৈঠকে দুই দেশই সীমান্তে ফের হিংসার ঘটনা না হয়, তার জন্য বিশেষ পদক্ষেপও নিচ্ছে।
আজ কাতারের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দোহায় অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ ও তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মুল্লা ইয়াকুব উপস্থিত ছিলেন।
দুই দেশের শান্তি ও স্থিরতা দীর্ঘস্থায়ী করতে কয়েকটি পফক্ষেপ কার্যকরী করতেও সম্মত হয়েছে তারা। এরপর প্রয়োজনে আরও কয়েকটি বৈঠক হবে।
প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২৬১১ কিমি দীর্ঘ সীমান্ত আছে, ডুরান্ড লাইন বলে যা পরিচিত। কিন্তু আফগানিস্তানের তালিবান সরকার এই লাইনকে মান্যতা না দেওয়ায় দীর্ঘদিন ধরে ওখানে অশান্তি চলছে।
পারস্পরিক আক্রমণ, পালটা আক্রমণে বহু মানুষের প্রাণহানি হয়েছে। অতি সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন তরুণ ক্রিকেটারের মর্মান্তিকভাবে প্রাণ যায়।এর প্রতিবাদে আগামী মাসে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
উভয় দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ায় এই সিদ্ধান্ত বদল হবে কিনা তা এখনও জানা যায়নি।

Be the first to comment