রোজদিন ডেস্ক : আর মাত্র দুদিন পর নিজের নতুন দল তৈরি করবেন তিনি। মূল উদ্দেশ্য, রাজ্যের সব সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ করা। টিএমসি বিধায়ক হুমায়ুন কবীরের সেই দলে যোগ দিলেন না সদ্য টিএমসি ছেড়ে আসা জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম। আজ প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর উপস্থিতিতে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে তিনি কংগ্রেসের পতাকা তুলে নিলেন। অধীর চৌধুরী তাঁকে স্বাগত জানিয়ে বলেন, মানুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এটিই তার প্রমাণ।

মুর্শিদাবাদ জেলা পরিষদে দুর্নীতির প্রতিবাদে সদ্য দল ছেড়েছেন শাহনাজ বেগম। কংগ্রেসে যোগ দিয়ে টিএমসি-র বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। বলেন, জেলা পরিষদের দুর্নীতির কথা দলের নেতৃত্বকে জানিয়েও কোন ফল হয়নি। স্বভাব প্রতিবাদী শাহনাজ বেগমের দাবি, কিছু পাওয়ার জন্য নয়, জনসেবা করতেই তিনি রাজনীতিতে এসেছেন।তাঁর আরও দাবি, হুমায়ুন কবীর নতুন দল করলে অনেকেই টিএমসি ছেড়ে কংগ্রেসে যোগ দেবেন।কংগ্রেস রাজ্য, কেন্দ্রে কোথাও ক্ষমতায় না থাকা সত্বেও সেই দলে তিনি যোগ দিয়েছেন জনসেবার তাগিদেই, এই কথা জানিয়ে তিনি বলেন, যেখানেই অনিয়ম দেখবেন, প্রতিবাদ করবেন৷ দরকার হলে শুন্য থেকে শুরু করতেও তিনি রাজি বলে জানিয়ে দেন।
টিএমসি থেকে তাঁকে নিয়ে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া আসেনি।

Be the first to comment