ধৃত শতদ্রু দত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করল সিট

Spread the love

রোজদিন ডেস্ক : যুবভারতী-কাণ্ডে এবার ‘গোট কনসার্ট’-এর মূল আয়োজক শতদ্রু দত্তর ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করল বিশেষ তদন্তকারী দল বা সিট। শুক্রবার সকালে শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালান বিধাননগর পুলিশ ও সিটের তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সেখান থেকে তারা বেশ কিছু নথি উদ্ধার করেন। একইসঙ্গে ব্যাঙ্ক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখে সিট-এর তদন্তকারীরা শতদ্রুর কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেন। তবে এর মধ্যে ‘গোট কনসার্ট’-এর টিকিট খরচ বাবদ ওঠা কত টাকা রয়েছে এবং স্পনসরদের থেকে তোলা কত টাকা রয়েছে, তা স্পষ্ট নয়। এদিকে, তদন্তকারীদের জেরায় শতদ্রু দত্ত জানিয়েছেন, ফুটবল তারকা লিও মেসিকে ভারতে আনতে প্রায় ১০০ কোটি টাকা খরচ হয়েছে। ভারত সফরের জন্য মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছে। আর ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছে ১১ কোটি টাকার কাছাকাছি। এই ১০০ কোটির মধ্যে ৩০ শতাংশ টাকা উঠেছে স্পনসরদের থেকে। বাকি ৩০ শতাংশ টাকা এসেছে টিকিট বিক্রি করে। জেরায় এমনই জানিয়েছেন শতদ্রু, দাবি পুলিশের। এছাড়াও এক প্রভাবশালীর কথা উঠে এসেছে জেরায়। শতদ্রুর দাবি৷ সেদিন মাঠের মধ্যে এক প্রভাবশালীর ঘনিষ্ঠ প্রায় তিনশোজন লোক ঢুকেছিলেন। তাঁদের জন্য শতদ্রুকে চাপ দিয়ে বিশেষ পাশ করানো হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*