রোজদিন ডেস্ক : এন্যুমারেশন ফর্ম জমা দেওয়ার মেয়াদ সাতদিন বাড়িয়েছে কমিশন। এই মেয়াদ বৃদ্ধির ফলে উপকৃত হতে চলেছেন কলকাতা-সহ বিভিন্ন যৌনপল্লির বাসিন্দারা। তাঁদের এন্যুমারেশন ফর্ম সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিল যৌনকর্মী এবং তাঁদের সন্তানদের নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন। তাঁরা কমিশনে চিঠি দিয়ে জানিয়েছিল, এন্যুমারেশন ফর্ম ফিলআপ করতে ভয় পাচ্ছেন অনেক যৌনকর্মী। এমনকী, আতঙ্কে তাঁরা যৌনপল্লি ছেড়ে পালাচ্ছেন। ফলে এন্যুমারেশন ফর্ম সংক্রান্ত কোনও ক্যাম্পের উদ্যোগ যদি কমিশন নেয়, তাহলে যৌনকর্মীরা উপকৃত হবেন। রাজ্যের সিইও জানিয়েছিলেন, ইতিমধ্যেই তিনি বিষয়টি সংশ্লিষ্ট জেলার ‘ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার’ (ডিইও) ও ‘ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার’-দের সঙ্গেও কথা বলেছেন। এ বার যৌনকর্মীদের জন্য সুখবর নিয়ে এল কমিশন। উত্তর কলকাতার ডিইও জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর কলকাতার সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে এন্যুমারেশন ফর্ম সংক্রান্ত এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। ১৬৬ শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যাবেন কমিশনের কর্তারা। সেখানে সমস্যা নিয়ে কথা বলবেন তারা। এন্যুমারেশন ফর্ম নিয়ে যৌনকর্মীদের সমস্যার কথা শুনবেন এবং সহায়তা করবেন। সিইও দফতরের নেওয়া এই পদক্ষেপের জেরে উপকৃত হতে চলেছেন যৌনপল্লিতে বসবাসকারী কয়েক হাজার যৌনকর্মী।

Be the first to comment