এসআইআর: কাজের চাপের বলি আর এক বিএলও, জখম আরও ১

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরের কাজের চাপের বলি হলেন রাজ্যের আর এক বিএলও। কমিশনের চাপ নিতে না পেরে আত্মঘাতী হলেন মুর্শিদাবাদের রানিতলার বাসিন্দা হামিমুল ইসলাম (৪৭)। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার পাইকমারি চর এলাকায় ঘটনা। মৃত হামিমুলের কর্মস্থল পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরের ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআরের অত্যাধিক কাজের চাপের ফলে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পরিবারের সদস্য এবং কয়েজন বন্ধুকে বলেছিলেন, আর চাপ নিতে পারছেন না। শনিবার প্রতিদিনের মতোই স্কুলে গিয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে রাত এগারোটা নাগাদ কৃষ্ণপুর বয়েজ স্কুলের একটি ঘরে ওই শিক্ষকের ঝুলন্ত দেহ দেখতে পান। মৃতের দাদা ফরমান উল কালাম বলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরের কাজ সম্পূর্ণ করার জন্য তার উপর যেভাবে চাপ দেওয়া হচ্ছিল তা সহ্য করতে না পেরেই আমার ভাই হামিমুল আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ভগবানগোলার তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার বলেন, বিজেপির চাপে জাতীয় নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এসআইআরের কাজ শেষ করতে চাইছে। সেই কারণে প্রত্যেক বিএলও-র উপর অত্যাধিক কাজের চাপ রয়েছে। সেই চাপ নেওয়ার ক্ষমতা সকলের নেই। অন্যদিকে, ময়নাগুড়িতে অতিরিক্ত কাজের চিন্তায় বাইক থেকে পড়ে গিয়ে জখম হন এসএসকে চেংমারি স্কুলের শিক্ষিকা সুশীলা রায় (৪০)। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। শিক্ষিকার স্বামী এসআইআরের কাজের চাপকে দায়ী করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*