রোজদিন ডেস্ক : পঞ্জাবে স্ত্রী, দুই নাবালক কন্যাকে হত্যা করে আত্মঘাতী হলেন ব্যবসায়ী আমনদীপ সিং।
পুলিশ সূত্রে প্রকাশ সকালে তাঁদের পরিচারিকা এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে একতলার ভাড়াটিয়াদের জানান। তাঁরা ও প্রতিবেশীরা মিলে দরজা ভেঙে চার জনের মৃতদেহ দেখে আঁতকে ওঠেন। খবর যায় পুলিশে। পুলিশ এসে নিহত ব্যবসায়ী আমনদীপ সিং, তাঁর স্ত্রী জসবির কাউর ও দুই কন্যা মনবীর (১০) ও পরমিতের (৬) গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে।
পুলিশের অনুমান, স্ত্রী, দুই কন্যাকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন ব্যবসায়ী। তাঁর একাধিক ব্যবসা আছে, স্ত্রীর আছে বিউটি পার্লার। বুধবার রাতেও তাঁরা বেরিয়ে ছিলেন, সংসারে কোনও অশান্তির খবরও কেউ শোনেননি। কেন আমনদীপ সিং এই কাজ করলেন, প্রতিবেশীরা বিস্মিত। পুলিশ এর কারণ খতিয়ে দেখছে।
অপর আর একটি ঘটনায় লুধিয়ানার ভোরা গ্রামে গত দুদিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার নিয়েও চাঞ্চল্য দেখা দেয়। দাবিন্দর কুমার নামের ওই ব্যক্তির কাটাদেহ একটি প্লাস্টিক ড্রামের ভিতর ছিল, বাকি অর্ধেক একটি বেসরকারি স্কুলের কাছের জমিতে মেলে। পুলিশ এর তদন্ত করছে।

Be the first to comment