রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এবছরের গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন। আউট্রাম ঘাট সংলগ্ন গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পে বিকেলে এক অনুষ্ঠানে তিনি মেলার উদ্বোধন করেন। মঞ্চ থেকে গঙ্গাসাগর মেলার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কুম্ভমেলার সমস্ত খরচ কেন্দ্র সরকার বহন করলেও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গঙ্গাসাগর মেলার জন্য দিল্লি থেকে এক পয়সাও দেওয়া হয় না। তাঁর অভিযোগ, কুম্ভমেলায় কেন্দ্র সব দেয়। আর এখানে গত দশ বছর ধরে বলে আসছি, এক পয়সাও দেয় না। বাংলার উপর শুধু হামলাই চলে। তবে আমরা ভিক্ষা চাই না।

মুখ্যমন্ত্রী জানান, গঙ্গাসাগর মেলার মতো বিশাল আয়োজন সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থেই করা হয়। পুণ্যার্থীদের সুবিধার্থে পরিকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে যাতায়াত, সব দায়িত্ব রাজ্য সরকারই বহন করে। তিনি আরও বলেন, রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে মুড়িগঙ্গা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করেছে। প্রায় এক হাজার সাতশো কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ এই সেতুর কাজ আগামী দু’থেকে তিন বছরের মধ্যে শেষ হবে বলে তিনি জানান। বলেন, এই সেতু তৈরি হলে গঙ্গাসাগর মেলায় যাতায়াত অনেক সহজ হবে এবং সাগরদ্বীপের সার্বিক উন্নয়নেও নতুন দিগন্ত খুলে যাবে। কেন্দ্রের সহযোগিতা না মিললেও রাজ্য গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে এদিন ফের একবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment