নিজস্ব প্রতিনিধি, মায়াপুর:
বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে অবস্থিত ইসকন মন্দিরে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে ঘিরে সকাল থেকেই মায়াপুর চত্বরে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। ইসকন মন্দির সংলগ্ন এলাকা ও গোটা সফরপথে ছিল কড়া নজরদারি।

সূত্রের খবর, নির্ধারিত সময় অনুযায়ী হেলিকপ্টারে করে মায়াপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে অবতরণের পর তাঁকে প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এরপর সেখান থেকে সরাসরি তিনি ইসকনের গোশালায় যান। সেখানে গোমাতা পূজো ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। ইসকনের সন্ন্যাসী ও আধিকারিকদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তাও বলেন মুখ্যমন্ত্রী।

এদিন গোশালায় বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় পূজার্চনা। মুখ্যমন্ত্রীকে গোশালার বিভিন্ন অংশ ঘুরে দেখানো হয় বলেও জানা গিয়েছে। ইসকনের পক্ষ থেকে তাঁকে প্রসাদ ও স্মারকও তুলে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মায়াপুরে ভক্ত ও স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যায়। নিরাপত্তার স্বার্থে একাধিক জায়গায় ব্যারিকেড করা হয় এবং পুলিশের তরফে ট্রাফিক নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়। জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদেরও এদিন মন্দির চত্বরে উপস্থিত থাকতে দেখা যায়।

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। হেলিপ্যাড থেকে মন্দির এলাকা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরকাড়া। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মায়াপুর সফরকে কেন্দ্র করে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ।

Be the first to comment