মমতার প্রশংসা করে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন স্বপ্না বর্মন

Spread the love

প্রতিবেদন: জল্পনা সত্যি প্রমাণ করে তৃণমূল কংগ্রেসেই যোগ দিলেন অ্যাথলিট স্বপ্না বর্মন। জলপাইগুড়ির রাজবংশী সমাজের মেয়ে স্বপ্নাকে নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছিল, তিনি রাজনীতিতে আসছেন। উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস উপলক্ষে তাঁকে সংবর্ধনা দেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরই স্বপ্নার তৃণমূল যোগের জল্পনা আরও বাড়ে। অবশেষে শুক্রবার বেলার দিকে তৃণমূল ভবনে এসে সাংবাদিক বৈঠকে দলীয় পতাকা হাতে তুলে নিলেন স্বপ্না বর্মন। তাঁর হাতে পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সাংবাদিক সামনে স্বপ্না বলেন, রাজ্য সরকারের উন্নয়নের শরিক হতেই তৃণমূল কংগ্রেসে।যোগ দিলাম। মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাজে আমি প্রতিদিন অনুপ্রাণিত হই। গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে বাংলাকে উনি যে জায়গায় নিয়ে গিয়েছেন, তা অন্য রাজ্যে হয়নি। ভাবাও যায় না। ওনার কাজ দেখে অনুপ্রাণিত হয়েই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জয় করেছিলেন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মণ। তারপরই জানান পিঠের চোটের কারণে আর ট্র্যাকে নামবেন না। ট্র্যাককে বিদায় জানিয়ে স্বপ্না এখন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী। তবে আসন্ন নির্বাচনে তিনি দাঁড়াবেন কিনা তা নিয়ে খোলসা করেনি দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*