আপনারা কাজ সৃষ্টি করেন, টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে শিল্পীদের প্রশংসায় মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : টেলিভিশনে সব থেকে বড় দিক হোক মানবিক, সামাজিক চেতনা ও সুশিক্ষা দেওয়া। আমাদের নতুন জেনারেশন আমাদের ইতিহাস জানুক। তারা আমাদের ইতিহাস জানতে পারছে না সেটা হয়তো আমাদেরই দোষ। এভাবেই টেলি সম্মানের মঞ্চে এদিন শিল্পীদের প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে টেলি সম্মান অনুষ্ঠানে এসে তিনি বলেন, আমাদের মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটি নবজাগরণের জন্ম দিয়েছে। আমি সেই মাটিকে চেনানোর জন্য সামাজিক চেতনার কথা বলছি। এখন অনেক সিরিয়াল হচ্ছে যা নতুন চিন্তাধারার জন্ম দিয়েছে। যা আগে মানুষ মেনে নিতে পারত না, কিন্তু এখন মেনে নিচ্ছে। সবাই সবার মত যেন ভালো করে বাঁচতে পারে সে দিকটা আমাদের সকলকে দেখতে হবে। এটা একটা পরিবার। অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, মাধবীদিকে প্রণাম জানাই। তিনি এই বয়সেও অভিনয় করে যাচ্ছেন। সাবিত্রীদিও যেভাবে অভিনয় করছেন, তার কোনও তুলনা হয় না। অনেক নতুন শিল্পীরা আসছে ট্রেনিং নিচ্ছে। এই জগৎটা না থাকলে বাড়িতে বসে যারা টিভি দেখে তাদের কাছে একটা বড় সমস্যা হত। টিভি না দেখলে তাদের দিন কাটে না, সময় কাটে না। আমিও যখন সময় পাই টিভি দেখি। সিরিয়ালগুলোর পরের সিনটা কি হবে আগে থেকে বলে দিতে পারি। আপনারা কর্ম সৃষ্টি করেন। এটা বড় কাজ। আর যে শিল্পীরা কাজ করেন, দিনরাত পরিশ্রম করেন, তাদের জীবনে ছুটি নেই। নেই কোনও উৎসব। এটাই যেন তাদের উৎসব।এমনকি পুজোর সময়েও তাঁরা টিভি চ্যানেলে চ্যানেলে গিয়ে প্রোগ্রাম করেন। তাদের কোন বিশ্রাম নেই।

অনুষ্ঠানের শেষে কৃতীদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন-সহ টেলি দুনিয়ার একঝাঁক তারকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*