রোজদিন ডেস্ক: বিজেপি যা কাজ করছে, রাজ্যে একশো বছর থাকবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দাবি করেন। নবান্নে আজ একাধিক বকেয়া প্রকল্পর অর্থ প্রদান-সহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আগের আমলের বাংলার বাড়ি প্রকল্পের নাম পরিবর্তন করে পশ্চিম বঙ্গ আবাস যোজনা হচ্ছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, ইতিহাস, দেশভাগের স্মৃতি আছে তা এই প্রকল্পের নামের মধ্যে তুলে ধরা হয়েছে।
এই প্রকল্পে বকেয়া থাকা দ্বিতীয় কিস্তির টাকা আজ প্রদান করা হয়। এই প্রকল্পে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর অনেকে দ্বিতীয় কিস্তি মিলবে কিনা অনিশ্চয়তায় ছিলেন, আজ তাঁদের মুখে হাসি ফুটেছে।
মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ২০,২৫,৩০ লক্ষ যত বাড়ি দরকার কেন্দ্র করে দেবে। এই সব নিয়ে প্রধানমন্ত্রীর উচ্ছসিত প্রশংসা ও করেন তিনি।
আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকের উপস্থিতিতে রাজ্য সরকার ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে ৬১২২.২৭ কোটি টাকা দেন।
প্রাক্তন সরকারের আমলে আবাস যোজনার সুবিধা পেতে ৩০ লক্ষ আবেদন জমা পড়েছিল, এর মধ্যে ১২ লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন।
মুখ্যমন্ত্রী বলেন, একমাত্র প্রকৃত উপভোক্তারাই এই অর্থ পেলেন৷ স্বল্প সময়ের মধ্যে প্রকৃত প্রাপকদের চিহ্নিত করে স্বচ্ছতার সঙ্গে এই কাজ করার জন্য তিনি পঞ্চায়েত মন্ত্রীর উচ্ছসিত প্রশংসা করেন।
মুখ্য সচিব মনোজ আগরওয়াল বলেন, আগের আমলের বাংলার বাড়ি প্রকল্পে স্বচ্ছতা না থাকায় দু বছর আগে কেন্দ্র এই খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কোন সিন্ডিকেট, কাটমানি এই ক্ষেত্রে আর কাজ করবে না। রাজ্যে বিপুল ঋণের বোঝা নিয়েও যেভাবে এই টাকা সরকার দিলো, এর জন্য তিনি মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানান।

Be the first to comment