রোজদিন ডেস্ক : এবার ধান ক্ষেতে মিলল পায়ের ছাপ। যা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় দেখা দিয়েছে বাঘের আতঙ্ক। সোমবার বেলার দিকে ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর যায় বনদপ্তরে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। আপাতত বাঘের খোঁজ চলছে। পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর পঞ্চায়েতের মনি নদী সংলগ্ন কে প্লটে ঠাকুরান জঙ্গল সংলগ্ন ধানখেতে বাঘের পায়ের বেশ কয়েকটি ছাপ মিলেছে বলেই দাবি স্থানীযদের। জানা গিয়েছে, জমিতে কাজ করতে গিয়ে ওই ছাপ প্রথমে তাঁদের নজরে আসে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায় ও কুয়েমুড়ি বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের বিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁরা ধানখেত ঘুরে দেখেন ও নমুনা সংগ্রহ করেন। প্রাথমিক ভাবে তাঁদেরও ধারণা, ওটি বাঘের।পায়ের ছাপ। পাশের ঠাকুরান জঙ্গল থেকে বেরিয়ে মনি নদী পার হয়ে কে- প্লটে চলে এসেছে বাঘ, এমনই মনে করা হচ্ছে।তবে বাঘ এখনও এলাকায় আছে কিনা, তা নিশ্চিত করতে পারছেন না বন কর্মীরা। বাঘের খোঁজে তল্লাশি অভিযান জারি আছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

Be the first to comment