রোজদিন ডেস্ক : খসড়া ভোটার তালিকার প্রকাশ আরও সাতদিন পিছিয়ে দিয়েছে কমিশন। ফর্ম বিলি ও জমা দেওয়ার জন্য যাতে কিছুটা বাড়তি সময় মেলে, তাই এই সিদ্ধান্ত। এই অবস্থায় সোমবার রাত পর্যন্ত কমিশনের অন্দরের খবর, চলতি বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ৪৩ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। মোট চারটি ক্ষেত্রে ভাগ করে প্রাথমিক পরিসংখ্যান জানা গিয়েছে কমিশন সূত্রে। যে এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন বিএলওরা, তা সংগ্রহ করে কমিশনে জমা করার কাজ আরও এগিয়েছে। তার ভিত্তিতে কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ২১ লক্ষ ৪৫ হাজার মৃত ভোটারকে চিহ্নিত করা গিয়েছে। নিখোঁজ ভোটার ৫ লক্ষ ৫৩ হাজার। স্থানান্তরিত ভোটার ১৫ লক্ষ ১৩ হাজার। ৯৮ হাজার ছ’শো ভুয়ো ভোটার মিলেছে। এর মধ্যে নিঁখোজ ভোটারের যে সংখ্যা মিলেছে, তারও হেরফের হতে পারে। কারণ, নিখোঁজ ভোটারদের খোঁজ চলছে। ৪ ডিসেম্বরের বদলে ফর্ম বিলি ও সংগ্রেহর কাজ চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এখনও পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি মৃত ভোটার পাওয়া গিয়েছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। আর সংখ্যার দিক থেকে সর্বাধিক উত্তর ২৪ পরগনা জেলায়।

Be the first to comment