রোজদিন ডেস্ক : তাহেরপুরে মোদির সভায় যোগ দিতে গিয়ে শনিবার সকালে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল মুর্শিদাবাদের তিন বিজেপি কর্মীর। ঘটনায় জখম হয়েছেন আরও দু’জন। ঘটনার পরই শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়াতে কার্যত প্রতিযোগিতা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। ঘটনার পরই ভার্চুয়াল ভাষণে দুর্ঘটনার জন্য মৃতদের উদ্দেশ্যে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তারপরই মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে নির্দেশ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁদের বাড়িতে যান স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি-সহ দলীয় নেতৃত্ব।
অন্যদিকে সভা শেষ হতেই স্থানীয় শক্তিনগর হাসপাতালে গিয়ে জখমদের দেখে আসেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতারা।
মৃত দু’জনের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার শাবলদহ গ্রামে। একজনের বাড়ি বড়ঞার মসড্ডা গ্রামে। মৃতরা হলেন মুক্তিপ্রদ সূত্রধর (৫৫), রামপ্রসাদ ঘোষ (৬৫) এবং ভৈরব ঘোষ (৬২)।ঘটনার খবর পাওয়া মাত্র জেলা নেতৃত্বকে পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ পেয়ে মৃতদের বাড়ি যান ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম ও গোলাম মোর্শেদ-সহ অন্য নেতারা। শোকার্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেতারা। তাঁরা বলেন, মানুষ হিসেবে এখানে আসা। রাজনৈতিক বিভেদ থাকতে পারে, কিন্তু আমরা পরিবারগুলির পাশে আছি। তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এভাবেই কার্যত গোটা দিন ধরে মৃত ও তাঁদের পরিবারকে টানাপোড়েন চলে দুই শিবিরে।

Be the first to comment