অযোধ্যার রাম মন্দিরে নামাজ পড়ার চেষ্টা, এক মহিলা-সহ ধৃত ৩

Spread the love

রোজদিন ডেস্ক : অযোধ্যার রাম মন্দিরে নামাজ পড়ার চেষ্টায় এক মহিলা-সহ তিন জনকে আটক করা হয়েছে। সূত্রের খবর, আজ দুজন পুরুষ ও একজন মহিলা ডি আই ফটক দিয়ে মন্দিরে প্রবেশ করেন। তাঁরা কাশ্মীরের বাসিন্দা বলে নিজেদের দাবি করেন। দুজন যুবকের একজন আচমকাই মন্দিরের রন্ধনশালার কাছে বসে নামাজ পড়া শুরু করলে চাঞ্চল্য দেখা দেয়। নিরাপত্তা রক্ষীরা দ্রুত এসে তাঁকে সরিয়ে দেয় ও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তাঁরা কাশ্মীর থেকে এসেছেন। কাশ্মীরী পোশাক পরিহিত ধৃত তিন জন হলেন, শোপিয়ানের বাসিন্দা আবু আহমেদ শেখ, মহিলার নাম সোফিয়া, বাকি একজনের সঠিক পরিচয় জানার চেষ্টা হচ্ছে।
এই ঘটনায় মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দেয়, গোয়েন্দা দফতর, স্থানীয় পুলিশ, প্রশাসনের পদস্থ আধিকারিকরা দ্রুত সেখানে চলে যান, তবে এই বিষয়ে কেউ কিছু বলেননি। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টও এখন অবধি নীরব।
রাম মন্দিরের কঠোর নিরাপত্তা বলয় পেরিয়ে কিভাবে তাঁরা ভিতরে প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। উত্তর প্রদেশ সরকারের বিশেষ সহযোগিতায় গঠিত বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর দায়িত্বে আছেন। প্রায় ২০০ এসএসএফ এই মন্দিরের প্রহরায় নিযুক্ত। এই ছাড়া অযোধ্যায় এনএসজি-র একটি হাব তৈরির পরিকল্পনাও আছে।
সম্প্রতি, রাম মন্দির কর্তৃপক্ষ একাধিকবার হুমকিও পেয়েছেন। যার ভিত্তিতে বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন।
তবে আজকের ঘটনা নিয়ে সংশ্লিষ্ট সব মহলই বিস্মিত, উদ্বিগ্নও।
এই প্রেক্ষিতে রাম মন্দিরের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*