রোজদিন ডেস্ক : খসড়া তালিকায় নাম থাকা ভোটারদের মধ্যে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ জনের তথ্যে নানা অসঙ্গতি পেয়েছে কমিশন। এই বিপুল ত্রুটিপূর্ণ ভোটার তালিকা মিলিয়ে দেখার জন্য কমিশন বাধ্য হয়েছে বিএলও অ্যাপে নতুন ফিচার নিয়ে আসতে। এরপর বাড়ি বাড়ি গিয়ে অসঙ্গতি যাচাই করে ফের সেই সব নাম অ্যাপে আপলোড করতে হবে বিএলওদের। এমনই নির্দেশ দিয়েছে কমিশন। সবটা যে খতিয়ে দেখে যাচাই করা হয়েছে সে-কথাও লিখিতভাবে জানাতে হবে। কমিশনের এই নয়া ফতোয়ায় বিএলও-দের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে রাজ্যের ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জনের ক্ষেত্রে অসঙ্গতি মিলেছে। যার মধ্যে বাবার নাম মেলেনি ৮৫,০১,৪৮৬ জনের। একই ব্যক্তিকে ৬ বা তার বেশি ভোটার বা প্রোজেনি ম্যাপিং করানো হয়েছে এমন সংখ্যা ২৪,২১,১৩১ এছাড়া ১১,৯৫,২৩০ জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা ও সন্তানের বয়সের ফারাক ১৫ বছর বা তার চেয়েও কম। আবার বাবা ও সন্তানের বয়সের ফারাক ৫০ বছরের বেশি এমন সংখ্যা পাওয়া গিয়েছে ৮,৭৭,৭৩৬ জনের। ১৩,৪৬,৯১৮ জনের লিঙ্গ বা জেন্ডার মেলেনি। ৪৫ বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও ২০০২-এর তালিকায় নাম নেই ২০,৭৪,২৫৬ জনের। এই সব তথ্য এবার সঠিক ভাবে যাচাই করা হলে তবেই তাঁদের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পাবে।

Be the first to comment