রোজদিন ডেস্ক : যুবভারতী-কাণ্ডে আগেই অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে বিধাননগর আদালত। সোমবার ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। দমদম নাগেরবাজার থেকে ওই দুই যুবককে পাকড়াও করেছে দক্ষিণ বিধাননগর থানা। ধৃতদের নাম গৌরব বসু এবং শুভ্রপ্রতিম দে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয় এই দু’জনকে। সেই সূত্রেই নাগেরবাজার থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আটটি ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। সরকারি কর্মীদের কাজে বাধা, ইচ্ছাকৃত সরকারি কর্মীকে জখম করা, গোলমাল পাকানোর চেষ্টা-সহ একাধিক ধারাগুলি যুক্ত করা হয়েছে। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগও আনা হয়েছে। শনিবারের ওই তাণ্ডবের বহু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়ো ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই গৌরব এবং শুভ্রপ্রতিমকে চিহ্নিত করে বিধাননগর পুলিশ। সেই মতো সোমবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়।

Be the first to comment