রোজদিন ডেস্ক, কলকাতা:- এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির যোগ্য শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবে। তবে এ জন্য রাজ্যকে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই শর্তগুলি হলো ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যকে।
গত ৩ এপ্রিল চাকরি বাতিল মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। এই রায়ে চাকরিচ্যুত হন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপর বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। পর্ষদ আদালতে জানায়, এই রায়ে রাজ্যের শিক্ষাব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষক থাকবেন না। সেকারণে যাঁরা ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত, তাঁরা ছাড়া বাকিদের চাকরি আপাতত রাখা হোক।
সেই আর্জিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, যোগ্য শিক্ষকরা কাজে যোগ দিতে পারবেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের কাজে সুযোগ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি বলেছেন, ‘আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত।’ সেকারণেই এই নির্দেশ।
তবে সুপ্রিম কোর্ট একই সঙ্গে এও জানিয়েছে, নতুন করে নিয়োগের জন্য ৩১ মে’র মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। এই নির্দেশের ফলে কেউ কোনও বিশেষ সুবিধা পাবেন না জানিয়েছে আদালত। অন্যদিকে, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত।

Be the first to comment