দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ! দিল্লিতে নির্দেশিকা জারি করা হল

Spread the love

রোজদিন ডেস্ক : দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ! তার মধ্যে দক্ষিণ ভারতের কেরলের অবস্থা খারাপ। ওই রাজ্যে মে মাসে এখন পর্যন্ত ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান দিয়েছে কেরলের স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে, রাজধানী দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে ২৩ জন নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার জেরে নতুন নির্দেশিকা জারি করে হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা করে রাখতে নির্দেশিকা দিয়েছে দিল্লি স্বাস্থ্যদপ্তর।
সরকারি সূত্রে জানানো হয়েছে, রাজধানী এলাকা বা এনসিআর ভুক্ত নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার বিকেলে দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করে সব হাসপাতালকে সতর্ক করেছে। করোনা আক্রান্তের চিকিৎসার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারের জোগান পর্যাপ্ত পরিমাণে রাখতে বলা হয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগীরা রাজধানীতে, নাকি দেশের অন্য কোনও এলাকায় গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন তা জানার চেষ্টা হচ্ছে। চিকিৎসাধীন কয়েকজন দিল্লির বাসিন্দা নন। মন্ত্রী জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। ট্রেনে, রেল স্টেশনে করোনা বিষয়ে সচেকতনতামূলক প্রচার জোরকদমে শুরু করেছে প্রশাসন।
উল্লেখ্য, দেশজুড়ে এখন আবহাওয়া পরিবর্তনের সময়। দেশে ধীরে ধীরে প্রবেশ করছে বর্ষা। জ্বর, সর্দি, কাশি ঘরে ঘরে। এই আবহে হঠাৎ করে কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যের সমস্ত জেলায় পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেরলে কোট্টায়ামে ৮২ জন কোভিডে আক্রান্ত। তিরুঅনন্তপুরমে ৭৩ জন আক্রান্ত। এর্নাকুলামে সেই সংখ্যা ৪৯। সাধারণ মানুষকে প্রয়োজনে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি।
শুধু এই দুই রাজ্য নয় মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হরিয়ানা, গুজরাট, কর্নাটক-সহ একাধিক রাজ্যের বাসিন্দারা কোভিডে আক্রান্ত হয়েছেন। গুজরাটে ১৫ জন করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে শুক্রবার। তবে এই ভ্যারিয়্যান্ট মারণ নয় বলেই জানা যাচ্ছে। পাশাপাশি, মে মাসে মুম্বইতে এখনও পর্যন্ত ৯৫ জন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। কর্ণাটকে ৩৫ জন আক্রান্তের মধ্যে ৩২ জনই বেঙ্গালুরুর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*