২৯৯ বছরের ঐতিহ্য বহন করে চলেছে তমলুক শহরের মহাপ্রভু মন্দিরের রথ, এই প্রথমবার বসছে রথের মেলা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০০২ সালে আবারও শুরু হয় তমলুক শহরের মহাপ্রভু মন্দিরের রথযাত্রা। এবছর ২৪ বছরে পড়ল এই রথ। এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রথম তমলুক রাজবাড়ির প্রাঙ্গণে বসছে নয় দিনে মেলা। বৃহস্পতিবার তার উদ্বোধন করেন তৃণমূলের রাজ্য কমিটির সদস্য চিত্তরঞ্জন মাইতি। উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য তথা তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়-সহ পুরসভার কাউন্সিলার এবং বিশিষ্ট ব্যক্তিরা।

এ বছরে প্রায় ৫০ হাজার ভক্তদের মধ্যে ১৫ দিন ধরে মহাপ্রসাদ বিতরণ করা হবে। থাকছে পুরী ধামের খাজা, কণিকা, অবঢ়া-সহ একাধিক বৈষ্ণব ভোগ। রথে মেলায় রক্তদান শিবির, বিনামূল্যে রক্ত পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির থাকছে। নিয়ম মেনে, রথের দিন দুপুরে রথের চারপাশে গঙ্গাজল ছিটিয়ে ও ঝাড়ু দিয়ে পরিষ্কার করার ‘ছেরা পহরা’ অনুষ্ঠান হবে। এর পরে রথের রশিতে টান পড়বে। মহাপ্রভু মন্দির থেকে যাত্রা শুরু হবে। বর্গভীমা মন্দির, নিমতলা, হাসপাতাল মোড় ও মানিকতলা হয়ে পৌঁছাবে তমলুক রাজবাড়িতে।

মন্দির সূত্রে জানা গিয়েছে, প্রায় তিনশো বছর আগে রানি হরিপ্রিয়ার গুরুদেব শ্যামানন্দী আচার্য শ্রীল বৈষ্ণবচরণ দাস বাবাজি প্রথম দারুব্রহ্ম শ্রী জগন্নাথদেবের প্রতিষ্ঠা করেন।তখন থেকেই রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় শুরু হয় রথযাত্রা উৎসব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*