রোজদিন ডেস্ক, কলকাতা:- আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর শ্রদ্ধা ভরে সেই ছবি পোস্ট করে বাংলায় টুইটও করলেন তিনি।

সেই ছবি পোস্ট করে শনিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “বুয়েনোস আইরেসে আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছি। ১৯২৪ সালে গুরুদেব আর্জেন্টিনা সফরে এসেছিলেন এবং তাঁর সেই সফর এখানকার বহু মানুষের, বিশেষ করে শিক্ষক ও ছাত্রদের মনে গভীর ছাপ ফেলেছিল।”
তিনি আরও লেখেন, “ভারতে আমরা গুরুদেবের অবদানকে অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করি। আমাদের জাতির ইতিহাস ও সংস্কৃতিতে তাঁর অবদান অনন্য। শিক্ষা ও জ্ঞানের সন্ধানের ওপর তাঁর যে গুরুত্বারোপ, তা আজও আমাদের অনুপ্রাণিত করে।”
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯২৪ সালের ৬ নভেম্বর, পেরুর লিমার উদ্দেশে যাত্রার মাঝপথে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে বুয়েনোস আইরেসে থামতে বাধ্য হন ৬৩ বছর বয়সী রবীন্দ্রনাথ। সেখানকার প্লাজা হোটেলে ওঠেন চিকিৎসার জন্য। সেই সময়ই তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল আর্জেন্টিনার তরুণ কবি ভিক্টোরিয়া ওকাম্পোর।

Be the first to comment