রোজদিন ডেস্ক : বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী সন্দেহে মহারাষ্ট্রে আটকে রাখার অভিযোগ উঠেছে। জানা গেছে ডায়মন্ড হারবারের এক যুবককে আটকে রাখা হয়েছে। এ বার সেই পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে বাংলায় ফিরিয়ে আনতে মুম্বইয়ে চার সদস্যের টিম পাঠানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ের বান্দ্রায় রাজ্যের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে আটক করে রাখার অভিযোগও সামনে এসেছিল শুক্রবার।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরের জুলপিয়া গ্রামের পরিযায়ী শ্রমিক বছর ২৬-এর বাবাই সর্দার বছর দু’য়েক আগে কাজের জন্য মুম্বইয়ে গিয়েছিলেন। গত আট দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার। বাবাইয়ের বাবা দেবু সর্দারের অভিযোগ, মুম্বইয়ে বাংলাদেশি সন্দেহে তাঁর ছেলেকে আটক করেছে সেখানকার পুলিশ। অবিলম্বে ছেলেকে ফেরত পাওয়ার জন্য তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ মণ্ডলের দ্বারস্থ হয়েছিলেন।
শুধু বাবাই নন, বাংলার আরও কয়েকজন পরিযায়ী শ্রমিক মুম্বইয়ে বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক হয়ে রয়েছেন, এই অভিযোগও সামনে এসেছে। বিষয়টি জানার পরেই তড়িঘড়ি পদক্ষেপ করেন অভিষেক। জেলা পরিষদের সদস্য-সহ চার জনের একটি দল গঠন করেছেন তিনি। শনিবার সন্ধ্যা ৭টার ফ্লাইটে সেই টিম মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে। মহারাষ্ট্রে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের সব ধরনের সাহায্য করবে এই টিম এবং তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করবে।

Be the first to comment