শুক্রবারই বিহারের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় নাকি নাম নেই বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের।
এ দিন সাংবাদিক বৈঠক করে তেজস্বী জানান, নাম বাদ যাওয়ার তালিকায় রয়েছেন তিনি নিজেও। তালিকায় নাম না থাকলে তিনি নির্বাচনে লড়বেন কী ভাবে, সেই প্রশ্নও তোলেন। পাল্টা নির্বাচন কমিশন একটি বিবৃতি দিয়ে জানায়, কিছু সংবাদমাধ্যমে জানা গিয়েছে, বিরোধী দলনেতা তেজস্বী প্রসাদ যাদবের নাম ভোটার তালিকায় নেই। জেলা প্রশাসন বিষয়টি তৎক্ষণাৎ খতিয়ে দেখে। কিন্তু ১৭১ নম্বর ভোট কেন্দ্র বিহার প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবন, ক্রমিক নং ৪১৬ তে তাঁর নাম রয়েছে। পূর্বে ক্রমিক নং ৪৮১ তে তাঁর নাম ছিল।
এর পাল্টা তেজস্বী বলেন, ‘যদি আমার EPIC নম্বর পরিবর্তন করা যায়, তা হলে কতজনের EPIC নম্বর পরিবর্তন করা হয়েছিল? নির্বাচন কমিশনের কাছে আমরা এই প্রশ্নগুলিই উত্থাপন করছি। এটি ভোটার তালিকা থেকে মানুষের নাম কেটে ফেলার ষড়যন্ত্র….।’
তেজস্বীর দাবিকে খন্ডন করে নির্বাচন কমিশন জানায়, এটা সম্পূর্ণ ‘ভুয়ো দাবি’। প্রমাণস্বরূপ ভোটার তালিকার খসড়ার একটি ফটোকপি প্রকাশ করেছে কমিশন। তাতে তেজস্বীর নাম ও ছবি রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিহারের নির্বাচনের আগে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড়় সংশোধন নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দলগুলি। সেই তালিকায় রয়েছে তেজস্বীর দল আরজেডিও।

Be the first to comment