রোজদিন ডেস্ক : আগামীকাল, বৃহস্পতিবার কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদম থেকে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন তিনি। বাংলায় পা রাখার আগেই আজ অতি তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “কলকাতার মানুষের মধ্যে থাকতে পারাটা সবসময়ই আনন্দের, এই শহরের উন্নয়নে আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল শহরের কর্মসূচিগুলি মূলত যোগাযোগ ব্যবস্থার উপর কেন্দ্র করে তৈরি হয়েছে। মেট্রো পরিষেবা, যার সূচনা করা হবে, তার মধ্যে রয়েছে নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দর এবং আইটি হাব এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।”
সূত্রের খবর, উত্তর কলকাতার যশোহর রোড মেট্রো স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে ভার্চুয়ালি নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে এই নতুন রুটগুলির উদ্বোধন করবেন। বিকেল ৪টে ৫ মিনিট: কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ৪টে ১০ মিনিট: সড়কপথে প্রধানমন্ত্রী রওনা হবেন যশোহর রোড মেট্রো স্টেশনের উদ্দেশে।

৪টে ১৫ মিনিট: মেট্রোর নতুন তিনটি রুটের উদ্বোধন। মেট্রো চেপে প্রধানমন্ত্রী নোয়াপাড়া থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন, তার পরে ৪টে ৩৫ মিনিটে যশোহর রোড মেট্রো স্টেশনে তিনি ফিরে আসবেন। সেখান থেকে সড়কপথে প্রধানমন্ত্রী রওনা হবেন দমদম সেন্ট্রাল জেল মাঠের দিকে। সেখানে প্রশাসনিক মঞ্চ থেকে ৪টে ৪৫ মিনিটে শুরু করে ৫টা ১৫ মিনিট পর্যন্ত তিনি কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন।
৫টা ২০ মিনিট: নরেন্দ্র মোদী উঠবেন প্রশাসনিক মঞ্চের পাশেই, বিজেপির রাজনৈতিক মঞ্চে। বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধে ৬টা ১৫ মিনিট পর্যন্ত সেখানে মোদী ভাষণ দেবেন। তার পরে প্রধানমন্ত্রী সড়কপথে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।

Be the first to comment