রোজদিন ডেস্ক : আজ মহালয়া। পিতৃপক্ষের শেষদিন ভোর থেকেই শহর কলকাতা ও শহরতলির গঙ্গার বিভিন্ন ঘাটগুলিতে চলছে তর্পণ। উপচে পড়েছে ভিড়। বাবুঘাট, শোভাবাজার, বাগবাজার, নিমতলা, আহিরীটোলা, হাওড়ার শিবপুর, রামকৃষ্ণপুর ঘাট-সহ শহরের প্রায় সব ঘাটেই পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ চলছে। প্রায় একই ছবি জেলাতেও। হাজার হাজার মানুষ গঙ্গাজল, তিল আর অঞ্জলির মাধ্যমে পূর্বপুরুষের উদ্দেশে জলদান করলেন। ভিড়ের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই শহরের প্রতিটি ঘাটেই চলছে কড়া পুলিশি নজরদারি। দক্ষ হাতে ভিড় সামলাচ্ছে পুলিশ। তর্পণ সেরে সবাই যাতে নিব্রিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেদিকে নজর রেখেছে প্রশাসন। রয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের টিম। দুর্ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রতিটি ঘাটেই আছে বাড়তি পুলিশ। কলকাতার বিভিন্ন ঘাটের ভাঙা সিঁড়িগুলি আগেই মেরামত করা ও ঘাটগুলিকে আবর্জনামুক্ত করা হয়েছে। গঙ্গার ঘাটে যাতে কোনওরকম অঘটন না ঘটে, তাই প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিড়ের মধ্যে আছে সাদা পোশাকের পুলিশও।

Be the first to comment