লাদাখে অশান্তি, নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি না মেটা অবধি জেলেই থাকতে রাজী ওয়াংচুক

Spread the love

রোজদিন ডেস্ক : লাদাখের সাম্প্রতিক গণবিক্ষোভ, পুলিশের গুলিতে চার জন নিহত হওয়ার ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন সমাজসেবী সোনম ওয়াংচুক। এই দাবি না মেটা অবধি তিনি কারাগারে থাকতেও প্রস্তুত বলে জানিয়েছেন।
গতকালই ওয়াংচুকের ভাই কা সেতান দোরজি ও আইনজীবি মুস্তাফা হাজি যোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি সোনমের সঙ্গে দেখা করেন।তাঁদের মাধ্যমে ওয়াংচুক এই বার্তা দিয়েছেন বলে কে ডি এ নেতা সাজ্জাদ কার্গিল জানান। সমাজমাধ্যমে এই কথা জানিয়ে তিনি বলেন, ওয়াংচুক জানিয়েছেন তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। ২৪, সেপ্টেম্বরের বিক্ষোভের জেরে পুলিশের গুলিতে নিহত চার জনের পরিবারকে তিনি গভীর সমবেদনা জানান।আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। লাদাখকে রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অর্ন্তভুক্ত করার দাবিতে কে ডি এ ও অ্যাপেক্স বডির ভূমিকাকে পূর্ণ সমর্থন জানান। লাদাখের আমজনতাকে শান্তি বজায় রেখে যথার্থ গান্ধীবাদী পথে অহিংস আন্দোলনের আহবান জানান।
সমাজ মাধ্যমে ওয়াংচুকের এই বার্তা প্রকাশ করে সাজ্জাদ কার্গিল বলেন, লাদাখ ও ভারতের সব মানুষকে তিনি এই বার্তা দিয়েছেন।
প্রসঙ্গত, লাদাখের হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে গোলমালে উসকানির অভিযোগ উঠেছে। যোধপুর কারাগারে বন্দি সোনম ওয়াংচুক ওই দিনের মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন।
ইতিমধ্যে তাঁর স্ত্রী বন্দি সোনমের মুক্তির আর্জিতে শীর্ষ আদালতে আবেদন করেছেন। লাদাখবাসীও তাঁকে গ্রেফতার করায় ক্ষুব্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*