রোজদিন ডেস্ক : বৃষ্টি ও ধসে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং-সহ পাহাড়ি এলাকায় সমস্ত পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দিয়েছেন। তবে পাহাড় থেকে পর্যটকদের ফিরিয়ে আনার জন্যে রাজ্য প্রশাসন ব্যবস্থা করবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা রবিবার বিশেষ বাস সার্ভিস চালু করেছে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রসঙ্গে জানিয়েছেন, দার্জিলিং থেকে পর্যটকদের জন্য স্পেশাল বাস সার্ভিস চালু করা হয়েছে। ইতিমধ্যেই তিনটি বাস ফুল বুকড হয়ে গিয়েছে। সকলকে নির্দিষ্ট গন্তব্যস্থলে ফেরানো হচ্ছে। রাতেও স্পেশাল বাস সার্ভিস থাকবে। রবিবার শিলিগুড়ি থেকে কলকাতা রুটে মোট তিনটি স্পেশাল বাস চালানো হবে। তেনজিং নোরগে বাস টার্মিনাস একটি বাস ছাড়ছে সাড়ে পাঁচটা নাগাদ। অনলাইনের মাধ্যমে এই বাসের টিকিট বুকিং করার ব্যবস্থা থাকছে। বিকেলে ছটা এবং সন্ধ্যা ৭টায় পরবর্তী দু’টি বাস ছাড়বে। কাউন্টার থেকেও টিকিট বুক করা যাবে। রাতের দিকেও পর্যটকরা শিলিগুড়িতে এসে পৌঁছলে তাঁদের জন্যেও রাতে স্পেশাল বাসের সংখ্যা বাড়ানো হবে।

Be the first to comment