রোজদিন ডেস্ক : বিজেপি সরকারের আমলে এই রাজ্য-সহ একাধিক রাজ্যে নিজস্ব অস্মিতায় শান দেওয়া অব্যাহত। মুম্বাই-এর আসন্ন পুর নির্বাচনে (BMC) মারাঠি অস্মিতায় শান দিয়ে ঠাকরে ভাইরা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। মুম্বাইয়ের একদা মুকুটহীন রাজা প্রয়াত বাল ঠাকরের পুত্র উদ্ধব ও ভাইপো রাজ এই নির্বাচনে হাত মিলিয়ে লড়বেন বলে ইঙ্গিত মিলেছে।
উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউতের নাতনির নামাঙ্কন অনুষ্ঠানে দুই তুতো ভাইকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। এরপর রাজ মাতশ্রীতে উদ্ধবের বাড়িও যান। দুই নেতার কাছের মানুষ সঞ্জয় রাউতের দাবি, শুধু বৃহৎ মুম্বাই (BMC) পুর নির্বাচনই না, নাসিক, থানে ও কল্যান-ডমভিলিতেও লড়বেন ওঁরা। প্রসঙ্গত, BMC-তে দীর্ঘদিন অবিভক্ত শিবসেনা ক্ষমতাসীন ছিল। আগামী বছরের এই নির্বাচন উদ্ধব ঠাকরের রাজনৈতিক মর্যাদারও লড়াই।
অন্যদিকে মূল শিবসেনা ছেড়ে মহারাষ্ট্র নির্মাণ সেনা গঠন করলেও ভোটের রাজনীতিতে সফল হননি রাজও। উদ্ধব ও তিনি হাত মিলিয়ে লড়লে ভাল ফল হবে বলে তাঁদের অনুগামীদের আশা। দেশের সব থেকে ধনী পুরসভা BMC দখলের লক্ষ্যে সব রাজনৈতিক দলই এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন। ভোটলক্ষী কার ওপর সদয় হবেন ভবিষ্যৎই বলবে।

Be the first to comment