রোজদিন ডেস্ক : ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা সপরিবারে পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন। রবিবার বিকেলে ছত্তিসগড়ের কানহা ন্যাশনাল ফরেস্ট ঘুরে বিলাসপুর স্টেশন যাওয়ার পথে জাতীয় সড়কে তাদের এসইউভি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে চালক-সহ মোট দশজন ছিলেন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে।
শ্রীরামপুরের বাসিন্দা মুনমুন বাগ আর তার ছেলে ছিলেন পর্যটক দলে। মুনমুন ডানকুনির শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম স্কুলের শিক্ষিকা। তাঁর স্বামী দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছেন।
হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়ির কাছে ওই স্কুল। সুবীরবাবু স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেন। হুগলি ডিআই এবং অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) এর সঙ্গেও কথা বলে দূর্ঘটনাগ্রস্ত শিক্ষিকাদের সবরকম সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। ডানকুনি স্কুলের শিক্ষিকারা যেমন ছিলেন এই স্কুলে আগে ছিলেন এমন এক শিক্ষিকাও তাদের সঙ্গে ছিলেন বলে শুনেছি। ছত্তিসগড়ে যে কোনওরকম সাহায্যের প্রয়োজন হলে আমাদের সাংসদ আছেন তিনি সব ব্যবস্থা করবেন।
এই ঘটনা শুনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তার সঙ্গে চিফ সেক্রেটারির কথা হয়েছে। বিষয়টি তিনি দেখছেন।

Be the first to comment