সাত সকালে শহরের একাধিক জায়গায় ইডির হানা, মন্ত্রী সুজিত বোসের অফিসেও তল্লাশি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল থেকেই তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এদিন সকালে তারা শহরের সাত আটটি জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে। যার মধ্যে রয়েছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোসের অফিসও। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অয়ন শীল-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এর আগেও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। সল্টলেকে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস, নিউ আলিপুরে এক আইনজীবীর বাড়ি, নাগেরবাজারে এক কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতেও যান তাঁরা। সর্বশেষ খবর, এখনও চলছে তল্লাশি। আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় উঠেছিল সুজিত বসুর নাম। ২০২৪ সালে দমকলমন্ত্রীর বাড়িতেও হানা দেয় ইডি। এবার তাঁর অফিসেও গেলেন তদন্তকারীরা। সল্টলেকের যে আবাসনে সুজিত বসুর অফিস, সেখানে কেউই জানতেন না অফিসটি কার। তবে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা নিয়ে তৃণমূল কংগ্রেস বরাবরই সরব। তাঁদের দাবি ভোট আসলেই তৎপরতা বাড়ে কেন্দ্রীয় এজেন্সির। এটা সেরকমই আরও একটা পর্ব। তবে আজকের তল্লাশি নিয়ে এখনও তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*