রোজদিন ডেস্ক : রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের অংশ হিসেবে পুরনো ও নতুন ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখার কাজ প্রায় শেষ পর্যায়ে। কমিশনের তথ্য অনুযায়ী, ম্যাপিং প্রক্রিয়ায় রাজ্যের প্রায় সাড়ে তিন কোটি ভোটারের নাম ও তথ্যের মিল এবং লিঙ্ক পাওয়া গিয়েছে। ফলে এই ভোটারদের নতুন করে নথি বা প্রমাণ জমা দিতে হবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দার্জিলিং ও জলপাইগুড়ি বাদে বাকি সব জেলায় এই মিলিয়ে দেখার কাজ প্রায় একশো ভাগ শেষ হয়েছে। বাকি দুই জেলার কাজও ২/১ দিনের মধ্যেই শেষ করে সংশ্লিষ্ট পোর্টালে তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সাতটি জেলায় ম্যাপিংয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ারে ৫৩ শতাংশ, কালিম্পঙে ৬৫ শতাংশ, মালদায় ৫৪ শতাংশ, কলকাতা উত্তরে ৫৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৬২ শতাংশ, ঝাড়গ্রামে ৫১ শতাংশ এবং পুরুলিয়ায় ৬১ শতাংশ ভোটারের তথ্যের মিল পাওয়া গিয়েছে। কমিশনের মতে, এই ম্যাপিং প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ হবে, যা আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Be the first to comment