রোজদিন ডেস্ক : রাজ্যে SIR ঘিরে উত্তেজনা বাড়ছে। বেশ কিছু জায়গা থেকে BLO-দের হেনস্তা ও হুমকির অভিযোগ এসেছে। প্রয়োজনে তাঁদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। সূত্রের খবর, কিছু এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা নতুন নাম অন্তর্ভুক্তি আটকে যাওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি, দুই শিবিরেরই ক্ষোভের মুখে পড়ছেন সরকারি কর্মীরা। কমিশনের এক পদস্থ আধিকারিক বলেন, বিএলওরা মাঠে নেমে কাজ করছেন। কারও রাজনৈতিক রোষের শিকার হলে তা সহ্য করা হবে না। সূত্রের দাবি, ইতিমধ্যে কয়েকটি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে কমিশন নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। প্রয়োজনে পুলিশি সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।কলকাতার কসবা, খিদিরপুর, গুলশন কলোনির মতো এলাকায় বন্দুক দেখিয়ে চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকির পর্যন্ত অভিযোগ উঠেছে। বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সংগ্রামী যৌথ মঞ্চ কমিশনের সঙ্গে দেখা করে। তাঁদের অভিযোগ, ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। কমিশনের তরফে বিএলওদের আশ্বস্ত করা হয়েছে, প্রয়োজনে তাঁদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হবে।

Be the first to comment