রোজদিন ডেস্ক : পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার প্রাণ হারালেন। প্রতিবাদে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলবে না শোকার্ত আফগানিস্তান। আগামী ১৭ নভেম্বর থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট সিরিজ শুরু হওয়ার কথা। এর আগেই পাকিস্তানের বিমান হামলায় পাকতিকায় স্থানীয় তিন তরুণ ক্রিকেটারের মর্মান্তিক নিহত হওয়ার ঘটনায় শোকস্তব্ধ সারা দেশ। পাকতিকার রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে বিমান হামলায় তিন তরুণ ক্রিকেটার প্রাণ হারান। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ত্রিদেশীয় ওই সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এবারই প্রথম পাকিস্তানে খেলতে যেত আফগানিস্তান। কিন্তু উভয় দেশের সেনাদের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ-এ পরিস্থিতি এমনিতেই জটিল হচ্ছিল। পাকিস্তানের বিমান হানায় তিন তরুণ ক্রিকেটারের মর্মন্তুদ মৃত্যুতে তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এই ঘটনায় উদবিগ্ন বিশ্বের ক্রীড়া প্রেমীমহলও। কাবির, সিবঘাতুল্লাহ ও হারুন নামের তিন তরুণ ক্রিকেটারের নিহত হওয়ার ঘটনায় আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান সহ সকলেই মর্মাহত। ক্ষোভে ফুঁসছেন তাঁরা। যারা একদিন দেশের জার্সি পরে খেলার স্বপ্ন দেখতেন, আচমকা সেই স্বপ্নের এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। নিরপরাধ এই ক্রিকেটারদের অকালমৃত্যু সারা দেশকে স্তম্ভিত করেছে।
আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে এই ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল।
এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন ও কোন প্রতিক্রিয়া দেয়নি বলে জানা যায়।

Be the first to comment