রোজদিন ডেস্ক : এবার সাইবার প্রতারণার শিকার হলেন তৃণমূল কংগ্রেসের ঝানু রাজনীতিবিদ তথা দাপুটে সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্রখ্যাত এই আইনজীবী সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা। এই ঘটনায় বিস্মিত সাংসদ, কলকাতা পুলিশও। রাজনৈতিক মহলেও এই বিষয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। গোটা বিষয়ে কলকাতা পুলিশের সাইবার অপরাধ বিভাগ তদন্ত করছে বলে জানা যায়।
সূত্রের খবর, কল্যাণ ব্যানার্জির বিধানসভার পুরানো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আশ্চর্যজনকভাবে এই টাকা উধাও হয়৷ ২০০১ থেকে ২০০৬ সাল অবধি আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন তিনি। গ্রাহক ছিলেন এসবিআই-এর। দীর্ঘদিন ওই অ্যাকাউন্টে তেমন কোন লেনদেন হয়নি বলে জানা গেছে। সম্প্রতি সেই অ্যাকাউন্ট থেকেই প্রতারকরা এই বিপুল পরিমাণ টাকা তুলে নেয়। ব্যাঙ্কের পক্ষেও এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। সূত্রের খবর, সাংসদের কলকাতার অ্যাকাউন্ট জালিয়াতি করেই প্রতারকরা এই কাজ করেছে। পুলিশ তাদের খোঁজে জোর তল্লাসি চালাচ্ছে।
এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে, কিভাবে এই নিপুণ জালিয়াতি হল, তা শীঘ্র জানা যাবে বলে পুলিশ প্রশাসনের আশা।

Be the first to comment