রোজদিন ডেস্ক : রাজ্যে এবার মানব পাচারের অভিযোগ নিয়ে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি। আজ সকাল থেকে কলকাতার একাধিক বাড়িতে হানা দিয়েছেন তাঁরা। একটি দল শিলিগুড়িতেও গেছেন।
কলকাতার সল্টলেক, দমদম ইত্যাদি এলাকায় জোর তল্লাসি চলছে। সল্টলেকের এক হোটেল ব্যবসায়ীর বাড়ি গেছেন ইডি আধিকারিকরা। তিনি একাধিক হোটেল বারের মালিক বলে জানা যায়।
মানব পাচারের এই মামলা অবশ্য নতুন না। কয়েক বছর আগে বাগুইহাটির একটি ঘটনায় পুলিশি তদন্তের পর তা ইডি-র হাতে যায়। আজ সেই মামলার প্রেক্ষিতে ইডি প্রথম অভিযানে নেমেছে। যা নিয়ে অস্বস্তিতে রাজ্য প্রশাসন, বিরক্তও। এতদিন আগের মামলায় আজ কেন ইডি প্রথম অভিযানে নামলো তা নিয়ে প্রশাসনের অন্দরে প্রশ্ন উঠেছে।
যদিও দীর্ঘ দিন ধরে এই ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারদের ওপর ইডি নজর রেখেছিল বলে প্রকাশ। তথ্য প্রমাণ সংগ্রহের জন্য এই বিলম্বিত অভিযান বলে দাবি তাঁদের।
গতকাল দুর্নীতির অভিযোগে এক বালি ব্যবসায়ীকে গ্রেফতার করে তাঁকে হেফাজতে নিয়েছে ইডি। শাসক দলের অভিযোগ, রাজ্যে নির্বাচন এলেই কেন্দ্র ও বিজেপির অঙ্গুলি হেলনে সক্রিয় হয় ইডি, সিবিআই। ভোট মিটে গেলেই ফের শীতঘুমে চলে যায়। এই সব নিয়ে ক্ষুব্ধ রাজ্য বিজেপির একাংশও।
প্রাক্তন জনপ্রিয় বিচারপতি, বর্তমানে বিজেপির সাংসদ অভিজিত গাঙ্গুলিও কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকায় ক্ষুব্ধ।
একটি ইউটিউব চ্যানেলে তাঁর এই ক্ষোভের আভাসও মিলেছে।

Be the first to comment