রোজদিন ডেস্ক : আজ ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রতি বছরের মতো এবারও কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভাসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঘড়ির কাঁটা রাত ১২টা পেরোতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো শুরু হয়। দুপুর হতেই কালীঘাটে প্রিয় নেতার বাড়ির সামনে ভিড় জমান হাজার হাজার কর্মী-সমর্থক। কলকাতা তো বটেই জেলা থেকেও বহু নেতা-কর্মী-সমর্থকেরা এসেছেন। সকলেই কিছু না কিছু উপহার নিয়ে এসেছিলেন। কেউ ফুলের বোকে, কেউ পোস্টার-ব্যানার এমনকী প্রমাণ সাইজের বোর্ডে অভিষেকের সঙ্গে মেয়ে আজানিয়ার ছবি এঁকে এনেছিলেন কেউ, কেউ। দফায় দফায় বাড়ি থেকে বেরিয়ে জনগণের ভিড়ে মিশে গিয়েছেন নেতা। সকলেরই আবদার কেক কাটতে হবে। দেদার সেলফির আবদারও মেটালেন তিনি। বিকেল গড়িয়ে যত সন্ধ্যা নেমেছে ততই বাড়ির সামনে উচ্ছ্বাস বেড়েছে। বেজে চলেছে ধামসা-মাদল। সঙ্গে স্লোগান। সন্ধ্যায় নেত্রীর ডাকে গেলেন তাঁর বাড়িতে। ভিড়ের মধ্যে ছিলেন মহিলারাও। এই উপলক্ষে এদিন সোশ্যাল মিডিয়ায় ফের সেবাশ্রয় শিবির শুরু করার ঘোষণা করেন ডায়মন্ড হারবারের সাংসদ। আগামী ১ ডিসেম্বর, ২০২৫ থেকে সেবাশ্রয় ২-এর স্বাস্থ্য শিবিরগুলি শুরু হবে।চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

Be the first to comment