রোজদিন ডেস্ক : বাংলাদেশের পূর্বাচলে নতুন নগরীতে জমি বণ্টন নিয়ে দুর্নীতির দায়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল-সহ ১৯ জনের কারাদন্ড দিলো আদালত। এর মধ্যে শেখ হাসিনাকে ২১ বছর, তাঁর একান্ত সচিব মহম্মদ সালাউদ্দিনকে ১২ বছর, প্রাক্তন গৃহ ও পূর্তমন্ত্রী শরিফ আহমদকে ১৮ বছর, শেখ হাসিনার পুত্র সজীব জয় ও কন্যা সায়মা পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
আজ কঠোর নিরাপত্তায় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মহম্মদ আবদুল্লা আল মামুন এই রায় ঘোষণা করেন। কারাদন্ডের সঙ্গে তাঁদের অর্থদণ্ডও দিয়েছে আদালত।
তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ঢাকায় নিজেদের বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি থাকা সত্বেও সেই তথ্য গোপন করে বেআইনি ভাবে তাঁরা দুর্নীতি করে পুর্বাচলে ও ১০ কাঠা করে জমি নিয়েছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় শুধুমাত্র গৃহ ও পুর্ত দফতরের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে রেহাই দিয়েছে আদালত।
শেখ হাসিনারা ছাড়া আর ও বেশ কয়েকজন এই ঘটনায় সাজা পেয়েছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছে। তাঁকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে চিঠিও দিয়েছে বাংলাদেশ সরকার। যদিও ভারত তাঁকে প্রত্যর্পণে বাধ্য নয় বলে জানা যায়। এই নিয়ে ভারতের অবস্থানের পরিবর্তন না হওয়ায় শেখ হাসিনা এই দেশে নিরাপদেই থাকতে পারবেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment