সোনাগাছির পর বুধবার কালীঘাট ও খিদিরপুরের যৌনপল্লিতে এসআইআর শিবির কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে সোনাগাছিতে বিশেষ শিবিরের পর এবার শহরের আরও দুই যৌনপল্লি খিদিরপুর ও কালীঘাটে বুধবার শিবির করবে।কমিশন। সিইও দফতর থেকে মঙ্গলবার এই খবর জানা গিয়েছে। এবার সেখানকার বাসিন্দাদের ভোটার তালিকায় নাম তোলার উদ্যোগ নিল নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম পূরণ এবং ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে সহায়তা করতে বিশেষ শিবিরের আয়োজন করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এ কথা জানিয়ে বলেন, কলকাতা দক্ষিণ নির্বাচনী জেলার জেলা নির্বাচনী আধিকারিককে ওই শিবির আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর কেউ যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, সে লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ। এর আগে এশিয়ার বৃহত্তম যৌনপল্লি সোনাগাছিতে আয়োজিত শিবিরে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। সোনাগাছির শিবিরে মোট ৮০৩ জন যৌনকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। সেখানে ২১০ জন নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ৬ নম্বর ফর্ম সংগ্রহ করেন। ঠিকানা পরিবর্তনের জন্য ৫১ জন ৮ নম্বর ফর্ম নেন। পাশাপাশি ১২ জন নিজেদের পূরণ করা এনুমারেশন ফর্ম জমা দেন।কমিশনের বক্তব্য, সামাজিক ও নানা বাস্তব সমস্যার কারণে বহু যৌনকর্মী এখনও পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। অনেকের নাম ভোটার তালিকায় নেই, আবার যাঁদের নাম রয়েছে তাঁদের ক্ষেত্রেও পুরনো ঠিকানা বা অন্যান্য তথ্য মিল না থাকার সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই বিশেষ ক্যাম্পের মাধ্যমে সরাসরি পৌঁছে গিয়ে এনুমারেশন ফর্ম পূরণ ও জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*