অনিয়মের জের কমিশনের শোকজ নোটিশ পেলেন ২ বিএলও-সহ চারজন

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরের কাজে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের অভিযোগ ওঠায় দুই বিএলও-সহ চারজন কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের দুই বুথ লেভেল আধিকারিক, এক ইআরও এবং এক এইআরও-কে কারণ দর্শানোর নোটিশ ধরিয়েছে কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছে কমিশন। জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। কাজে অবহেলা ও অনিয়ম প্রমাণিত হলে এফআইআর দায়েরের পথেও যেতে পারে কমিশন। কমিশনের প্রাথমিক তদন্ত বলছে, এসআইআরের প্রথম পর্যায়ে ওই আধিকারিকরা কমিশনের নির্দেশ অমান্য করে নিয়মবহির্ভূত কাজ করেছেন। অভিযোগ সিইও মনোজ আগরওয়াল এবং বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্তের কাছেও পৌঁছয়। এরপরই পুরো বিষয়টি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ করল কমিশন। বারুইপুর পূর্বের ৯৪ নং বুথকে কেন্দ্র করে অভিযোগ। ওই বুথে প্রথম দায়িত্বপ্রাপ্ত এক বিএলও স্থানীয় রাজনৈতিক দলের পদাধিকারী ছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। কিন্তু অভিযোগ, বদলির পরেও তিনি কাজ চালিয়ে গিয়েছেন। পরবর্তী সময়ে নতুন বিএলও দায়িত্ব নেওয়ার পরেও অপসারিত বিএলও অবৈধ ভাবে কাজ চালিয়ে যান। বিষয়টি পর্যবেক্ষকদের নজরে আসে। দেখা যায় একাধিক নথিতে দুই বিএলও-র সই রয়েছে, যা থেকেই অনিয়মের প্রমাণ মেলে। এরপরই কমিশন খতিয়ে দেখে দু’জনকেই শোকজ করে। বারুইপুর পূর্বের সংশ্লিষ্ট বুথে আগে বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন সোমা সেন। পরে দায়িত্ব পান দেবী হালদার। ওই এলাকার ইআরও ছিলেন দেবত্তম দত্ত চৌধুরী। কমিশনের শোকজ নোটিশের জবাবের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*